দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্যের জন্য সবটুকু উজাড় করে দিতে দিতে নিজের কথাটাই ভুলে যাওয়া—এমন অভ্যাসকে অনেকেই ভালো মানুষ হওয়ার স্বাভাবিক অংশ বলে মনে করেন। কিন্তু গবেষণা বলছে, অন্যের প্রতি যতই মমতা থাকুক, নিজের প্রতি সেই মমতা না থাকলে মানসিক সুস্থতার জায়গায় ঘাটতি থেকে যেতে পারে। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিজের পাশাপাশি অন্য মানুষ ও প্রাণীর প্রতিও সহানুভূতিশীল ব্যক্তিদের মানসিক সুস্থতার ফল সবচেয়ে ভালো।
গবেষকেরা ১ হাজার ২০০ জনের বেশি মানুষের ওপর গবেষণাটি চালান। প্রশ্নমালার মাধ্যমে নিজেদের, অন্য মানুষ এবং প্রাণীর প্রতি তাদের সহানুভূতির মাত্রা পরিমাপ করে অংশগ্রহণকারীদের বিভিন্ন ‘সহানুভূতির ধরন’ অনুযায়ী ভাগ করা হয়।
গবেষণায় উঠে এসেছে, শুধু অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়াই মানসিক সুস্থতার জন্য যথেষ্ট নয়। নিজের প্রতি সহানুভূতিও এর সঙ্গে থাকা জরুরি। অর্থাৎ অন্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের অনুভূতি, সীমাবদ্ধতা ও প্রয়োজনের প্রতিও যত্নশীল হতে হয়।
গবেষণাটির প্রধান লেখক ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বাসাম খুরি বলেন, অনেক মানুষ—বিশেষ করে পরিচর্যাকারী, শিক্ষক, স্বাস্থ্যসেবাকর্মী, অভিভাবক ও অধিকারকর্মীরা—অন্যদের প্রতি অত্যন্ত যত্নশীল হলেও নিজেদের প্রতি কঠোর বা অবহেলাপূর্ণ আচরণ করেন।
গবেষকদের মতে, নিজের প্রতি সহানুভূতির ঘাটতির সঙ্গে কম জীবনসন্তুষ্টি এবং সামাজিক বিচ্ছিন্নতার সম্পর্ক রয়েছে। অন্যদিকে, যারা নিজেদের, অন্য মানুষ এবং প্রাণীদের প্রতি সমানভাবে উচ্চমাত্রার সহানুভূতি দেখিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে ইতিবাচক মানসিক কার্যকারিতা দেখা গেছে। এর মধ্যে রয়েছে ভালো মানসিক স্বাস্থ্য, আবেগ সামলানোর সক্ষমতা এবং সামাজিকভাবে সুস্থ থাকার প্রবণতা।
বাসাম খুরির ভাষ্য, নিজের প্রতি সহানুভূতি কঠিন আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি নিজের প্রতি অতিরিক্ত সমালোচনা কমায় এবং ভেতরে নিরাপত্তাবোধ তৈরি করে।
তাই নিজের প্রতি যত্ন নেওয়াকে স্বার্থপরতা বা নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ততা হিসেবে দেখার কারণ নেই। গবেষকদের মতে, অন্যের জন্য দীর্ঘমেয়াদে যত্নশীল থাকার সক্ষমতা তৈরি করতেও নিজের প্রতি সহানুভূতি গুরুত্বপূর্ণ ভিত্তি। অর্থাৎ অন্যের পাশে দাঁড়ানোর শক্তিটাও অনেক সময় শুরু হয় নিজের প্রতি একটু মমতা দেখানো থেকেই।
/অ